শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ
বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে তীব্র প্রতিবাদের জেরে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি এবং মন্ত্রণালয়ের সচিব উদয়াঙ্গা হেমাপালা পদত্যাগ করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশটির প্রেসিডেন্টের গণমাধ্যম দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিম্নমানের কয়লা আমদানির অভিযোগের তদন্তের পথ সুগম করতে জয়াকোডি পদত্যাগ করেছেন।
জ্বালানি মন্ত্রীর পদত্যাগের পর পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সাংবাদিকদের বলেন, যথাযথ ক্রয়প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং মন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় কোনো জালিয়াতি বা দুর্নীতি ঘটেনি।
তিনি জানান, ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য রয়েছে, যাতে স্বচ্ছতা বাড়ে এবং জনগণের আস্থা জোরদার হয়। জয়াকোডি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা প্রথম উচ্চপর্যায়ের মন্ত্রিসভার সদস্য। এর আগে তাঁর বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনা হলেও তা পাস হয়নি।