নতুন শত্রু খুঁজছে ইসরাইল
ইরানের পর এবার ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করা শুরু করেছেন। ইসরায়েলের নতুন শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম শোনা যাচ্ছে বলে ইসরায়েলের দৈনিক মাআরিভ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে যেমন বোয়াজ গোলানি বলেছেন।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গোলানি বলেন, তেহরান যখন ‘ইসরায়েলের প্রধান শত্রুর ভূমিকা থেকে সরে যেতে বাধ্য হবে’, তখন সেই শূন্যস্থান পূরণে নতুন একটি দেশ এগিয়ে আসবে। নিবন্ধটিতে দাবি করা হয়, প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে ইরান গত তিন দশক ধরে ‘অত্যন্ত নিষ্ঠার’ সঙ্গে এই ভূমিকা পালন করার চেষ্টা করেছে। তবে সাম্প্রতিক যুদ্ধ এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ে দেশটির সামরিক সক্ষমতা ‘বিপর্যস্ত’ হয়ে পড়েছে।
কলামটিতে তুরস্ক বা পাকিস্তানকে ইরানের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রাখা হয়েছে। গোলানি লিখেছেন, ‘মনে হচ্ছে প্রতিযোগিতাটি এখন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ।’
তিনি আরও উল্লেখ করেন, উভয়ই বিশাল দেশ (তুরস্কে ৮ দশমিক ৫ কোটি এবং পাকিস্তানে ২৪ কোটি মানুষ), দুটি দেশই সুন্নি সংখ্যাগরিষ্ঠ এবং সেখানে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা সামরিক শক্তির ওপর নির্ভরশীল। তবে আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সুসম্পর্ক বিদ্যমান।