সাতক্ষীরার কাকবাশিয়া বাজারে যুবকের রহস্যজনক মৃত্যু, সেনা টহল ঘিরে উঠছে প্রশ্ন

Tanjir Khan Rony | প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২২:৫৬
সাতক্ষীরার কাকবাশিয়া বাজারে যুবকের রহস্যজনক মৃত্যু, সেনা টহল ঘিরে উঠছে প্রশ্ন

রাজপথ ডেস্ক

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজারে এক তরুণের আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে সংঘটিত ঘটনার পর ইসমাইল হোসেন (২২) নামের ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত ইসমাইল হোসেন উপজেলার কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে তিন বন্ধু বাজারে প্রবেশ করলে সেনা টহল দল তাদের গতিরোধ করে। এ সময় ইসমাইল হোসেনকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পরে সেনা সদস্যরা সেখান থেকে সরে যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, তিনি মৌখিকভাবে অভিযোগের কথা শুনেছেন, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তার জানা নেই এবং তিনি বর্তমানে ক্যাম্পের বাইরে অবস্থান করছেন।

এদিকে রাত ৯টা ৪৫ মিনিটে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এই তরুণের এমন রহস্যজনক মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ।

তদন্তের ফলাফল না আসা পর্যন্ত কাকবাশিয়া বাজারে ঠিক কী ঘটেছিল, সেই সত্য অজানাই থেকে যাবে। 

মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer