নির্বাচনের প্রাক্কালে ঢাবি উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত
জাতীয় নির্বাচনের একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে উপাচার্য বলেন, নির্বাচিত সরকার যেন তাদের ইচ্ছামতো প্রশাসনিক কাঠামো গড়ে নিতে পারে, সে লক্ষ্যেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, কোনো চাপ বা বাধ্যবাধকতা থেকে নয়, বরং স্বেচ্ছায়ই এ সিদ্ধান্ত নিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, একটি ক্রান্তিকালে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় পার হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন তিনি আবার নিজের মূল দায়িত্ব—উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপনার কাজে ফিরে যেতে চান।
তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনে কিছুদিন দায়িত্ব পালনে ও সহযোগিতা দিতে তিনি প্রস্তুত থাকবেন বলেও জানান।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে ‘বিশেষ’ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হলে উপাচার্যের পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়।
পরে সেই সংবাদ সম্মেলনেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামালের পদত্যাগের পর একই মাসে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে সাময়িক উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব ছাড়ার ঘোষণার মধ্য দিয়ে ঢাবি প্রশাসনে আবারও পরিবর্তনের ইঙ্গিত মিলল।