দাম বাড়াল সব ধরনের জ্বালানি তেলের, মধ্যরাত থেকে কার্যকর
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারেও তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। এছাড়া প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, বিশ্ববাজারে তেলের দামের অস্থিতিশীলতার সাথে সামঞ্জস্য রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দর রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ ও অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামে বিক্রি হয়েছে জ্বালানি তেল। এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।