ভোটাধিকার প্রশ্নে ছাড় নয়: শফিকুর রহমান
ভোটাধিকার রক্ষায় কোনো বড় অনিয়ম হলে আপস করা হবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, ছোটখাটো বিষয় এড়িয়ে যাওয়া হলেও মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ন হলে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি জানান, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার ভোট দিতে পেরে তিনি কৃতজ্ঞ এবং এই নির্বাচন একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন।
দেশের যুবসমাজের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, যারা আগে কখনো ভোট দিতে পারেনি, তাদের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রত্যাশা জানান।
শফিকুর রহমান আরও বলেন, এমন একটি সরকার প্রয়োজন যা কোনো ব্যক্তি বা দলের নয়, বরং দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করবে।
ভোটের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো উল্লেখ করে তিনি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সবাই যেন ঘর থেকে বের হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এবং রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।