৯৯ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় অস্ট্রেলিয়া

Tanjir Khan Rony | প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৩:৩৬
৯৯ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় অস্ট্রেলিয়া

গেবেখায় মার্কো জানসেনের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র ৯৯ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। তাতে সফরকারীদের ফলোঅন করিয়েছে প্রোটিয়ারা।


১৯৮৮ সালের পর টেস্ট ক্রিকেটে এটি অস্ট্রেলিয়াকে ফলোঅন করানোর মাত্র তৃতীয় ঘটনা। তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরানোর দারুণ সুযোগও তৈরি হয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে।



অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন জানসেন। তিন টেস্টের মধ্যে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। যদিও তার আগের পাঁচ উইকেটের কীর্তিটি ছিল প্রায় এক বছর আগে।


দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগের বিষয় ছিল আনরিখ নরকিয়ার চোট। কুঁচকির চোটের শঙ্কায় নিজের চতুর্থ ওভারেই মাঠ ছাড়তে হয় এই পেসারকে। তবে নরকিয়ার অনুপস্থিতিতে বোলিংয়ের দায়িত্ব দারুণভাবে সামলেছেন জানসেন। তার বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয় আরও গভীর হয়।



দক্ষিণ আফ্রিকার ৪২৫ রানের জবাবে ১ উইকেটে ৩ রান দিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ করেন ২৮ রান। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ফলে প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট হয় সফরকারী দল।


মার্কো জানসেন ৩৩ রানে নেন ৫টি উইকেট।


৩২৬ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে অজিরা। ট্রাভিস হেড ৮৭ রান নিয়ে একাই লড়ছেন। এখনও ১৭০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।


মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer