সীমান্তে বিপুল পরিমাণ ডলারসহ ভারতীয় নাগরিক আটক

Tanjir Khan Rony | প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০০:০৮
সীমান্তে বিপুল পরিমাণ ডলারসহ ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ (ইউএস ডলার) পলাশ চন্দ্র মাঝি (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।


আটক পলাশ চন্দ্র মাঝি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা। ১৮ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিকেলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজিবি জানায়, সোমবার বেলা পৌনে ১২টার দিকে ভারতীয় পাসপোর্টধারী নাগরিক পলাশ চন্দ্র মাঝি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা আইসিপি চেকপোস্টে আসেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আইসিপির চেকপোস্টে দায়িত্বরত নায়েব সুবেদার আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা তার মালামাল তল্লাশি করেন।


তল্লাশিকালে তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার (বাংলাদেশি টাকায় যার বিনিময় মূল্য প্রায় ৩০ লাখ টাকা), ৩ হাজার ৫৭০ বাংলাদেশি টাকা, ৫ ভারতীয় রুপি এবং ১৩০ নেপালি রুপি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৮৬ টাকা।


পরবর্তীতে মার্কিন ডলারের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। উল্লেখ্য, ওই ব্যক্তি গত ২৭ মার্চ ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন।


পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, আটককৃত ইউএস ডলার পঞ্চগড় সদর কাস্টমস অফিসে জমা দিয়ে রশিদ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রা পাচারের দায়ে আটক ভারতীয় নাগরিককে তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


তিনি আরও জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে যেকোনো ধরনের অর্থ পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer