সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারে কড়াকড়ি: ফেসবুক-ইউটিউব ব্যবহারে ইসির নির্দেশনা

Mousumi Nargis lucky | প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১০
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারে কড়াকড়ি: ফেসবুক-ইউটিউব ব্যবহারে ইসির নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে কমিশন।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর আগে প্রার্থী বা তার নির্বাচনি এজেন্টকে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ পরিচয়সংক্রান্ত বিস্তারিত তথ্য রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।

এছাড়া বিধিমালার ২২(২) ধারার উল্লেখ করে ইসি স্পষ্ট করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং কিংবা স্পন্সরশিপ—সব ধরনের ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে বিবেচিত হবে।

এসব ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে দাখিল করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নামে আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ থাকবে না বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা দ্রুত বাড়ছে। ফলে প্রচারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অতিরিক্ত ব্যয় বা গোপন প্রচারণা রোধ করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এ পদক্ষেপকে নির্বাচনকালীন ডিজিটাল প্রচার ব্যবস্থাপনায় নজরদারি জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে এটি নির্বাচনি মাঠে সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer