পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষোভ জানালেন জামায়াত আমির
সংসদ অধিবেশনে নিজের পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক আদর্শ নিয়ে মন্তব্য করায় ক্ষোভ জানিয়েছেন জামায়াত ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে তার পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। এর প্রতিবাদে জানিয়ে সংসদের কার্যবিবরণী থেকে সংশ্লিষ্ট অংশটি এক্সপাঞ্জ করার দাবি জানান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে এ দাবি জানান জামায়াত আমির ড. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, শ্রদ্ধা রেখেই বলতে চাই মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে, আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। উনি এটাকে চ্যালেঞ্জ করছেন। দুই নম্বর উনি বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। তাহলে কি উনাকে জিজ্ঞেস করা লাগবে।
তিনি আরও বলেন, আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হাঁটতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এজন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্যনির্ভর কথাগুলো বলি। তাতে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে। এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে এবং দেশটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারব।
বিরোধীদলীয় নেতার বক্তব্য শেষে স্পিকার জানান, সংসদ সদস্যদের বক্তব্যে যদি কোনো অসংসদীয় শব্দ বা অংশ থাকে, তবে তা কার্যপ্রণালী বিধি অনুযায়ী এক্সপাঞ্জ করা হবে।