পরিবেশের স্বার্থে সেন্টমার্টিনে নয় মাস পর্যটক নিষেধাজ্ঞা

Mousumi Nargis lucky | প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮
পরিবেশের স্বার্থে সেন্টমার্টিনে নয় মাস পর্যটক নিষেধাজ্ঞা

রাজপথ ডেস্ক

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ সুরক্ষার প্রয়োজনে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে দীর্ঘ বিরতি টানছে সরকার।

আগামী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে টানা নয় মাসের জন্য দ্বীপটিতে পর্যটক যাতায়াত বন্ধ থাকছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের পর্যটন কার্যক্রমের শেষ দিন।

সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের অনুমতি থাকলেও, এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, শনিবারই শেষবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজগুলো পর্যটকদের নিয়ে দ্বীপে যাবে।

রোববার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি থাকবে না। তবে ভবিষ্যতে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, অনেক ব্যবসায়ী সময়মতো বিনিয়োগের অর্থ তুলতে পারেননি। লাভের বদলে এবার অধিকাংশই লোকসানে পড়েছেন।

পর্যটন বন্ধ থাকায় আগামী কয়েক মাস মানুষের কষ্ট বাড়বে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অধিকাংশ মানুষ পর্যটননির্ভর। হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় সবাই হতাশ ও অনিশ্চয়তায় পড়েছেন।

পরিবেশ রক্ষার সিদ্ধান্ত স্বাগত হলেও, বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকায় সেন্টমার্টিনের মানুষের সামনে কঠিন সময়ের আশঙ্কা স্পষ্ট হয়ে উঠছে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer