নবীনগর হাউজিংয়ের ২ নম্বর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
মোহাম্মদপুর প্রতিনিধি:
রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ২ নম্বর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সড়কটি স্থায়ীভাবে নির্মাণের পাশাপাশি ড্রেন নির্মাণের কাজও করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নবীনগর হাউজিংয়ের ২ নম্বর সড়কে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে ভোগান্তি আরও বেড়ে যেত।
সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা জানান, কাজটি সম্পন্ন হলে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হবে। পাশাপাশি বর্ষাকালে জলাবদ্ধতা ও কাদামাটির সমস্যাও অনেকটা কমে আসবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সড়ক ও ড্রেন নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা কাজটি দ্রুত, সঠিক পরিকল্পনায় এবং মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে সড়ক ও ড্রেন নির্মাণের কাজ শেষ হলে নবীনগর হাউজিং এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবেন।