ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

Tanjir Khan Rony | প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৩:০৯
ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।


প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।


এদিকে ক্যাম্পাসের পরিচিত মুখ ডা. জুবাইদা রহমানকে দীর্ঘ দিন পর কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় বড় বোনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় সেলফি তোলার উৎসব। অনেকেই এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।


শিক্ষার্থীদের এই আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনি নিজে থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান। এতে ক্যাম্পাসের আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


এ সময় ডা. জুবাইদা রহমানও যেন ফিরে যান তার পুরোনো দিনগুলোতে। শিক্ষার্থীদের সঙ্গে গল্প, আড্ডা ও স্মৃতিচারণে কিছু সময় কাটান তিনি।

এদিন শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষরোপণ করেন তিনি।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন। এ অনুষ্ঠান থেকে স্বাস্থ্য খাত-সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।


এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসেন।


মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer