ঢাকার দুই সিটিতে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে মেয়র প্রার্থী নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–কে প্রার্থী করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির নেতারা জানান, আরিফুল ইসলাম আদীব সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে ঢাকা–১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোট পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে নগর ও পরিবেশবিষয়ক কার্যক্রমে যুক্ত।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এবং নির্বাচনকালীন সময়ে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র আরও জানায়, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়েই প্রার্থী চূড়ান্তের কাজ এগোচ্ছে।
আসন্ন নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতার মাধ্যমে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে এনসিপির।
সেই অনুযায়ী কাউন্সিলর প্রার্থী নির্ধারণ এবং জোটগত আলোচনা শুরু করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ছয়টি আসনে জয় পেয়ে বিরোধী দলে অবস্থান করছে।
সরকার গঠনের পরই সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দেওয়া হলে নির্বাচন কমিশন ঢাকাসহ বড় সিটিগুলোতে ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।