আগামী ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া যাবেন তারেক রহমান
আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া সফর ও জনসমাবেশকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ের অনুষ্ঠিতব্য এই সমাবেশকে সামনে রেখে শুক্রবার (১৬ জানুয়ারি), বৃহস্পতিবার জেলা সদরে বিএনপির একাধিক সভা অনুষ্ঠিত হয়।
তার আগমনকে ঘিরে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি জোট মনোনীত প্রার্থীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২২ জানুয়ারি বিকাল ৩টায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা একাধিক প্রার্থীকে সঙ্গে নিয়ে সমাবেশস্থল পরিদর্শন করেন এবং মঞ্চ নির্মাণ কাজের তদারকি করেন।
প্রচার, পরিবহণ ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, সমাবেশে পাঁচ থেকে ছয় লাখ মানুষের সমাগম ঘটবে। বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তারেক রহমানের আগমনের আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে ২২ জানুয়ারির সমাবেশে। আমি আশা করি, তিনি সেদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের হাত উঁচিয়ে পরিচয় করিয়ে দেবেন।