৩০ আসনে পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্য
Mousumi Nargis lucky |
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
রাজপথ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের নেতারা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তারা উপস্থিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতি, ভোটারদের বাধা প্রদান, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিংসহ গুরুতর অনিয়ম হয়েছে।
এসব অনিয়ম তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
জুবায়ের আরও বলেন, কোথাও ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব আবার কোথাও অস্বাভাবিক দ্রুততার মাধ্যমে ফল ঘোষণা করা হয়েছে, যা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
অনিয়মের অভিযোগ থাকা আসনগুলোতে পুনঃগণনার পাশাপাশি প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে সহিংসতায় হতাহতের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলি উল্লাহ নোমান।
অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, সংশ্লিষ্ট ৩০টি আসনে পুনঃগণনা হলে প্রকৃত ফলাফল স্পষ্ট হবে এবং অনেক পরাজিত প্রার্থী বিজয়ী হিসেবে ঘোষিত হতে পারেন।
এদিকে ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, তার আসনের কয়েকটি কেন্দ্রে ফলাফল শিটে নামের গরমিল, এনআইডি অনুপস্থিতি, ওভাররাইটিং, পেন্সিলে লেখা ও ফটোকপি শিট ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে।
জোট সূত্র জানায়, ঢাকা ও দেশের বিভিন্ন জেলার মোট ৩০টি আসনে পুনঃগণনার আবেদন জমা দেওয়া হবে।